খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

৪৪

খুলনায় মাসুম বিল্লাহ নামের এক শ্রমিক দল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ অশোক নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ ‍খুলনার রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

মাসুম গত সরকারের সময় বন্দুকযুদ্ধে নিহত নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামালের ছোট ভাই। রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্পের পাশে তার বাড়ি।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রাতে মা ও মেয়েকে নিয়ে ডাকবাংলো মোড়ে ঈদের কেনাকাটা করছিলেন মাসুম। এ সময় ৭ জন সন্ত্রাসী সেখানে প্রবেশ করে তাকে গুলি করে ও কুপিয়ে ফেলে রাখে।

স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

পালানোর সময় এক সন্ত্রাসীকে নাইন এমএম পিস্তলসহ আটক করে পুলিশ।

উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম আরও বলেন, অশোক তার সঙ্গে থাকা অন্যদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। তিনি খুলনার সন্ত্রাসী গ্রুপ-বি কোম্পানির সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।