ইরানে ফের ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

৪১

ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক সামরিক বিবৃতিতে জানানো হয়, তেহরানজুড়ে ইরান সরকারের সামরিক অবকাঠামো লক্ষ্য করে অতিরিক্ত আরও এক দফা হামলা চালানো হয়েছে।

হামলার নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইডিএফ। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার রাতে তেহরানে অবস্থানরত তাদের সাংবাদিকরা একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, পূর্ব তেহরানের একটি কম্পাউন্ডে বিমান হামলা চালানো হয়েছে, যেখানে কমান্ড সেন্টার ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংশ্লিষ্ট সদস্যদের অবস্থান ছিল বলে উল্লেখ করা হয়।

এদিকে সংঘাতের উত্তেজনা আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। লেবাননে ইরান সংশ্লিষ্ট কোনো মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের সম্ভাব্য হামলাকে গুরুতর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে এবং সে ক্ষেত্রে বিশ্বব্যাপী ইসরায়েলি মিশনগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবিভাষী মুখপাত্র আভিচায় আদ্রায়ি লেবাননে অবস্থানরত ইরান সংশ্লিষ্ট প্রতিনিধিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও নির্ধারণ করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান এই পাল্টাপাল্টি সতর্কতা ও সামরিক পদক্ষেপ নতুন করে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।