‘কয়েক রাত নির্ঘুম কাটানোর পর শান্তিতে ঘুমাতে যাচ্ছি’

২২

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণের পর পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান। ফলে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এ সংকটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় সিনেমার অনেক তারকা আটকা পড়েছেন।

মালায়ালাম সিনেমার অভিনেত্রী স্বাসিকা বিজয় আবুধাবিতে তিন দিন আটকে ছিলেন। অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (৪ মার্চ) ভারতে ফিরেছেন। কোচি বিমানবন্দরে নেমে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন। এসময় তিনি জানান, আতঙ্কগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি সেখানে হয়নি।
স্বাসিকা বলেন, “ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতি সেখানে তৈরি হয়নি। কিন্তু আমরা তো ভারত থেকে গিয়েছিলাম। অন্য দেশের মানুষ, স্বাভাবিকভাবেই একটু দুশ্চিন্তায় ছিলাম। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিকই আছে। আমি আবুধাবিতেই ছিলাম। ফ্লাইট ঠিকঠাক ছিল।”

গত ২৮ ফেব্রুয়ারি ভারতে ফেরার কথা ছিল স্বাসিকার। কিন্তু সেটা হয়নি। তবে আবুধাবিতে লকডাউনের মতো পরিস্থিতি ছিল না। খাবারসহ সবকিছু পাওয়া যাচ্ছিল, দোকানপাট খোলা ছিল, সবকিছু নিয়ন্ত্রণেই ছিল বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

স্ত্রীকে রিসিভ করতে কোচি বিমানবন্দরে গিয়েছিলেন অভিনেতা প্রেম জ্যাকব। তিনি বলেন, “স্বাসিকা একাই গিয়েছিল। আমি সঙ্গে থাকলে হয়তো ও আরও শান্ত-স্থির থাকতে পারত। সরকার সবার পাশে আছে, তাই সবকিছু ঠিকঠাক রয়েছে।”

স্ত্রী স্বাসিকাকে নিয়ে বাড়ি ফেরার পর প্রেম জ্যাকব সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লেখেন, “তাকে বাড়িতে ফিরিয়ে আনলাম। কয়েক রাত নির্ঘুম কাটানোর পর শান্তিতে ঘুমাতে যাচ্ছি। শান্তি।”