অ্যালেনের বিশ্বরেকর্ডে দ.আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

২২

সেমিফাইনালে পাত্তাই পেলো না দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বোলারদের তুলোধুনো করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফিন অ্যালেনের দ্রুততম সেঞ্চুরিতে ফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড।

ইডেন গার্ডেন্সে বুধবার (৪ মার্চ) ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে  নেমে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ঝড়ে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পেলো কিউইরা। সেইফার্ট ফিফটি করে আউট হলেও ১০০ রানে অপরাজিত ছিলেন অ্যালেন।

মাত্র ৩৩ বলে ১০ চার ও ৮ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাবেক ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে অবশ্য দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি দখলে রেখেছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে হিসেব ধরলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখন অ্যালেনের দখলেই। এ ফরম্যাটে এর আগে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ডেভিড মিলার ও রোহিত শর্মা।

এর আগে ইডেন গার্ডেন্সে ফাইনাল নিশ্চিতের মিশনে রান তাড়ায় নেমে প্রোটিয়াদের প্রতিরোধের কোনো সুযোগই দেননি দুই কিউই ওপেনার সেইফার্ট ও অ্যালেন। পাওয়ার প্লেতেই ৮৪ রান তুলে জয়ের ভিত গড়ে দেন তারা। এরপর আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি এইডেন মার্করামের দল। দশম ওভারের প্রথম বলে সেইফার্টকে কাগিসো রাবাদা বোল্ড করলেও ম্যাচ ততক্ষণে পুরোপুরি নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে চলে যায়। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে দলীয় ১১৭ রানে বিদায় নেন সেইফার্ট।

অন্যদিকে দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে দর্শক বানিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অ্যালেন। শেষ ২২ বলে তারা তুলে নেন ৪৯ রান। ১১ বলে ২ চারের মারে ১৩ রানে অপরাজিত থাকেন রাচিন। প্রোটিয়াদের পক্ষে একমাত্র উইকেট শিকারি রাবাদা ২৮ রান খরচায় নেন ১ উইকেট।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে লড়াইয়ে পিছিয়ে ছিলো দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারের ব্যর্থতায় ৭৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। শেষদিকে প্রতিরোধ গড়ে তুলে প্রোটিয়াদের সংগ্রহ দেড়শ পার করার কৃতিত্ব মার্কো ইয়ানসেনের। ৩০ বলে ৫ ছক্কা ও ২ চারের মারে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ২৭ বলে ৩৪ আর ট্রিস্তান স্টাবস ২৪ বলে ২৯ রান করেন। কিউইদের হয়ে এদিন প্রায় সব বোলারই সফল ছিলেন। ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, কোল ম্যাককঞ্চি ও রাচিন রবীন্দ্র।

২০২১ সালের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ‍উঠলো নিউজিল্যান্ড। তাদের সামনে প্রথম শিরোপা জয়ের হাতছানি।

 আগামী ৮ মার্চ ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের মধ্যকার জয়ী দল। মুম্বাইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুদল।