খামেনির কার্যালয় লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে, তেহরানে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় এবং প্রেসিডেন্টের কার্যালয়কে লক্ষ্য করেও ব্যাপক হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।

কেরমানশাহ, কোম, ইসফাহান, তাবরিজ, কারাজ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় কেনারক এলাকায় অবস্থিত ইরানের নৌ-ঘাঁটিসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। কুর্দি অঞ্চলের ছোট শহর কামিয়ারান থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সেখানে একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলা চালানো হয়েছে।

তেহরান থেকে পাওয়া কিছু ছবিতে দেখা গেছে, তেহরানের নরমাক এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানা হয়েছে- যেখানে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বসবাস করেন। সাবেক এই প্রেসিডেন্ট আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে এবং সারা দেশের অনেক হাসপাতালকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।