অনলাইনে ৩৯ লাখ করদাতার আয়কর রিটার্ন দাখিল

১৮

২০২৫-২৬ করবর্ষে অনলাইনে ই রিটার্ন দাখিলে করতে করদাতারা বেশ সাড়া দিয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ই রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে করদাতাদের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

প্রবাসী বাংলাদেশী করদাতাদের জন্য ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিলের সুবিধার্থে মোবাইল ফোনের পরিবর্তে তাঁদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর মাধ্যমে বিশেষ রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনবিআর জানায়, যে সকল করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা মোবাইল ফোন ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করছেন বিধায় মোবাইল ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। এ ক্ষেত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি নিশ্চিত করার জন্য তাঁর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত করদাতার মোবাইল বা ফোন নম্বর ও বাংলাদেশ ত্যাগের সর্বশেষ তারিখের তথ্যসহ নিজ ই-মেইল হতে ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর ই-মেইল ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড করদাতার তথ্য যাচাই করে ই-মেইল ভেরিফাই করলে করদাতা ভেরিফাইড ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেটসহ রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিল সংক্রান্ত অন্যান্য কাজ সহজে করতে পারবেন।