‘গ্রে’স অ্যানাটমি’ ও ‘ইউফোরিয়া’ তারকা এরিক ডেন আর নেই

১৫

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’ এবং ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেতা এরিক ডেন আর নেই। গত বৃহস্পতিবার বিকেলে ৫৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেতার প্রতিনিধির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, এরিক ডেন দীর্ঘ সময় ধরে অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা এএলএস নামক স্নায়ুরোগের সঙ্গে লড়েছেন।

শেষ সময়ে তার পাশে ছিলেন প্রিয় বন্ধু, স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই মেয়ে বিলি ও জর্জিয়া।

২০২৫ সালে এরিক প্রথমবার তার এই দুরারোগ্য ব্যাধির কথা প্রকাশ্যে আনেন। রোগটি ধরা পড়ার পর থেকেই তিনি এএলএস সচেতনতা এবং গবেষণার জন্য সোচ্চার ভূমিকা পালন করেন। এরিক ডেন আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, তার লড়াই অন্যদের অনুপ্রাণিত করবে।

তার প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

‘গ্রে’স অ্যানাটমি’র স্রষ্টা শোন্ডা রাইমস এরিককে একজন অত্যন্ত মেধাবী অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন, যার অভিনীত ড. মার্ক স্লোন চরিত্রটি বিশ্বজুড়ে দর্শকদের মনে গভীর ছাপ রেখে গেছে। সহকর্মী কিম রেভারও তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।

এরিক ডেনের অভিনয় জীবনের শুরু নব্বইয়ের দশকে।

‘দ্য ওয়ান্ডার ইয়ার্স’ এবং ‘রোজান’-এর মতো সিরিজে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু হয়। তবে ২০০৬ সালে ‘গ্রে’স অ্যানাটমি’র ড. মার্ক স্লোন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান। তার অভিনীত চরিত্রটি ‘ম্যাকস্টিমি’ নামে পরিচিতি পায়। এরপর তিনি ‘মার্লে অ্যান্ড মি’, ‘বার্লেস্ক’ এবং ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। ২০১৯ সালে তিনি ‘ইউফোরিয়া’ সিরিজে ক্যাল জেকবস চরিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচিত হন।এই বসন্তেই তার অভিনীত সিরিজের শেষ মৌসুমে উপস্থিত হওয়ার কথা ছিল।

জীবনের শেষ দিনগুলোতে এরিক ডেন কেবল অভিনয়েই সীমাবদ্ধ ছিলেন না, বরং সামাজিক কর্মকাণ্ডেও বেশ সক্রিয় ছিলেন। গত বছর ‘ব্রিলিয়ান্ট মাইন্ডস’ সিরিজের একটি পর্বে তিনি একজন এএলএস আক্রান্ত দমকলকর্মীর চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া আই এম এএলএস নামক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তিনি ওয়াশিংটন ডিসিতে গবেষণার তহবিল ও আইনি সহায়তার জন্য কাজ করেছেন।

নিজের অসুস্থতা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সমাজসেবামূলক কাজে যুক্ত থাকাকেই প্রাধান্য দিয়েছেন তিনি। তার বিদায়ে হলিউড একজন নিবেদিতপ্রাণ শিল্পী এবং লড়াকু ব্যক্তিত্বকে হারাল।

সূত্র: সিএনএন