প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন। এসময় কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এতে উপস্থিত সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান যে তারা দেশের প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পাচ্ছেন।

এসময় প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।