প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রোটোকল অফিসার নিয়োগ

২৯

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একান্ত সচিব-১ (পিএস-১), সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১) এবং প্রোটোকল অফিসার-১ নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন দায়িত্বে বহাল থাকবেন অথবা তাকে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব (এপিএস)-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই শর্তে তার নিয়োগ কার্যকর থাকবে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫০ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মাধ্যমে চতুর্থবারের মতো সরকার গঠন করলো দলটি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।