আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

৩২

ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও এই আসনে দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি। এরপর পৌনে ১০টায় ভোট দিয়ে বের হন।

এরপর উপস্থিত ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।

আশা করি দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

এদিকে, সকাল থেকেই এই কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উপস্থিতিও লক্ষণীয়।

ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান।

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন।

এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে ৫ জন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান। তবে, ভোটের মূল লড়াইয়ে শুরু থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ছিল আলোচনা।

ঢাকা-১৭ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া ৫ স্বতন্ত্র প্রার্থী হলেন— সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক, আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন ও মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহ।