জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে ৫ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৬৬

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে পাঁচজনকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিশনের চার কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।

যুগ্মসচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের এ নিয়োগ প্রদান করেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।