সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত

২১

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে আজ নির্বাচনি ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দলটি।

দলীয় সূত্র জানিয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নির্বাচনি ইশতেহার দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে।

আমন্ত্রণপত্রে জামায়াত উল্লেখ করে, জাতির ভবিষ্যৎ বিনির্মাণে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের জন্য দলটির বিশেষ কিছু সংস্কার প্রস্তাব এই ইশতেহারে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে শিক্ষা, কর্মসংস্থান এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে জামায়াতের পরিকল্পনা কী হতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বিরাজ করছে।