মুত্তাকিনের ওড়ানো সেই পতাকা তারেক রহমানকে উপহার

৬৬

জুলাই আন্দোলনে ওড়ানো জাতীয় পতাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।

শনিবার (১৭ জানুয়ারি) গুলশানস্থ চেয়ারপারসন অফিসে দলের চেয়ারম্যানের হাতে পতাকা তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিএনপি মিডিয়া সেল এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

ফেসবুক পোস্টে মিডিয়া সেল থেকে বলা হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নির্মম বাস্তবতার মধ্যেই ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের অবিচ্ছেদ্য প্রতীক জাতীয় পতাকা উড়িয়ে সমগ্র দেশবাসীকে প্রবলভাবে উদ্বেলিত করেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।

এতে আরও বলা হয়েছে, সেই সময় দেশে ও বিদেশে অবস্থানরত সব মানুষকে আন্দোলনের পক্ষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ওড়ানো ঐতিহাসিক সেই জাতীয় পতাকাটি আজ সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।