চট্টগ্রামকে হারিয়ে সিংহাসন দখল করল রংপুর রাইডার্স

৪৫

চলমান বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে ৫ ম্যাচের ৪টিতেই জয় তুলে নিয়েছে তারা। পঞ্চম ম্যাচে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের সিংহাসনে উঠেছে সোহান-লিটনরা।

সোমবার (৪ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৭ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি লিটন কুমার দাস। ৮ বলে ১০ রান করে আউট হন তিনি। এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্স। ২৩ বলে ফিফটি তুলে নেন তিনি।

কিন্তু ২ বল পরেই ক্যাচ আউট হন তিনি। এদিন ইনিংস লম্বা করতে পারেননি তাওহীদ হৃদয়ও। ১৫ বলে ১৭ রান করে ফেরেন এই তারকা ব্যাটার। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ।

১২ বলে ২২ রান করে খুশদিল শাহ রান আউট হলেও মাহমুদউল্লাহর ১৯ বলের অপরাজিত ৩০ রানের ইনিংসে ভর করে ৭ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। এ ছাড়াও আবু হায়দার ও আমের জামাল নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল চট্টগ্রাম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওপেনার নাঈম শেখ। ১৫ বলে ১৬ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি।

এদিন ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয়ও। ৭ বলে ১২ রান করে ফেরেন তিনি। কিন্তু হাসান নাওয়াজকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার অ্যাডাম রোসিংন্টন। ৩৩ বলে ফিফটি তুলে নেন তিনি।

এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৪১ বলে ৫৮ রান করে আউট হন।  দলীয় ৬ রান যোগ না হতেই তার দেখানো পথে হাটেন নাওয়াজ। ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৮ বলে ৪৬ রান করেন তিনি। ২ বলে ১ রান করে আসিফ আলী আউট হলে ছন্দ হারায় চট্টগ্রাম।

তবে শেষ দিকে ব্যাট চালাতে থাকেন আমের জামাল। শেষ পর্যন্ত শেখ মাহেদীর ৭ বলে ১৩ রান এবং আমের জামালের ১০ বলের অপরাজিত ১৯ রানে ভর করে ১৬৯ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম।