ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

৬৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর।

গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ঢাকা-১৫ আসনে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ একাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে একই দিনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা-১৩ ও ঢাকা-১৫—এই দুই আসন মিলিয়ে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।