কেয়ামত থেকে কেয়ামত সিনেমার প্রযোজক সুকুমার রঞ্জন মারা গেছেন

৭০

নব্বই দশকের ব্যবসা সফল সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর অন্যতম প্রযোজক ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সুকুমার রঞ্জন ঘোষ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

গত সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন আনন্দমেলা সিনেমা লিমিটেডের অন্যতম প্রযোজক। তার প্রযোজনায় নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমেই ঢালিউড পেয়েছিল জনপ্রিয় জুটি সালমান শাহ ও মৌসুমীকে। এছাড়া, তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

চলচ্চিত্রাঙ্গনের বাইরে মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ। তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রশিল্পে তার অবদানকে অনন্য ও স্মরণীয় বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি এক শোকবার্তায় জানা, সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে দেশের চলচ্চিত্র শিল্পে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সংগঠনটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।