প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

Songsod
১৭

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

ওই দিন (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ বছরই ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।

সিইসি বলেন, নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

ভাষণে সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। এরই মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে, প্রায় অকার্যকর পোস্টাল ভোটকে কার্যকর করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।