খালেদা জিয়াকে ফুলের তোড়া পাঠালেন ভুটানের প্রধানমন্ত্রী

১০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে একটি ফুলের তোড়া পাঠিয়েছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি ফুলের তোড়া দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভুটানের প্রধানমন্ত্রীর পাঠানো এই ফুলের তোড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে নিয়ে যান এবং খালেদা জিয়ার হাতে পৌঁছে দেন।

এর আগে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

হাসপাতালে থাকার সময়ই বিএনপি চেয়ারপারসনের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে—আগেই এমন তথ্য জানিয়েছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি সর্বশেষ ১৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া জটিল বিভিন্ন অসুস্থতায় চিকিৎসাধীন। সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার নিয়মিত চেকআপের প্রয়োজন হচ্ছে বলেও দলীয় সূত্র জানিয়েছে।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।