মাদক মামলায় নাম জড়ালো ওরির

২৭

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি, যাকে সবাই ওরি নামেই চেনে। অদ্ভুত পোশাক-পরিচ্ছদ আর বেফাঁস মন্তব্যে প্রায়ই বিতর্কের কেন্দ্রে থাকেন। তবে এবার বিষয়টি আর সাধারণ বিতর্ক নয় সরাসরি ২৫২ কোটি রুপির মাদক মামলায় জড়িয়ে গেল তার নাম। 

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হওয়া একটি মামলায় ওরিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মুম্বাই পুলিশ। মহারাষ্ট্রের সাংলি এলাকা থেকে উদ্ধার হওয়া ১২৫.১৪ কেজি মাদকের বাজারমূল্য প্রায় ২৫২ কোটি রুপি।

এই ঘটনার তদন্তে গত মাসে দুবাই থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জেরা করতে গেলে তারা স্বীকার করে, মুম্বাইয়ের একাধিক হাই-প্রোফাইল রেভ পার্টিতে তারা নিয়মিত মাদক সরবরাহ করত। এখান থেকেই উঠে আসে ওরির নাম পুলিশের সন্দেহ, এইসব পার্টির কিছুতে তারও যাতায়াত ছিল।

এর আগে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গেও একই চক্রের যোগাযোগ থাকার অভিযোগ ওঠায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই সূত্রেই ওরির নাম সামনে আসায় নড়েচড়ে বসেছে তদন্ত সংস্থা। তবে ঠিক কবে এবং কোথায় ওরিকে হাজিরা দিতে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পুলিশ।

প্রসঙ্গত, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর থেকে সুহানা খান বলিউডের জনপ্রিয় স্টার কিডদের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত ওরি। এবার তার নাম উচ্চ-প্রোফাইল মাদক তদন্তে জড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছে এই ইনফ্লুয়েন্সার।