তীব্র খরা দূর করতে বৃষ্টির নামানোর জন্য ক্লাউড সিডিং শুরু করেছে ইরান

২১

তীব্র খরা দূর করতে বৃষ্টির নামানোর জন্য ক্লাউড সিডিং শুরু করেছে ইরান। দেশটির সর্ববৃহৎ হ্রদ উরমিয়া’র অববাহিকার ওপর দিয়ে সম্পন্ন করা হয়েছে এই প্রক্রিয়া।

সোমবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে তথ্যটি।

ইরানের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় এ বছর দেশের বৃষ্টিপাত প্রায় ৮৯% কমে গেছে, যা গত অর্ধশতকে সবচেয়ে কম বৃষ্টিপাতের শরৎ হিসেবে রেকর্ড হয়েছে।

ইরানে বহু বছর ধরে এই প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে, যেখানে মেঘে রাসায়নিক ছড়িয়ে দিয়ে বৃষ্টি সৃষ্টির চেষ্টা করা হয়। দেশটি বর্তমানে এর ইতিহাসের অন্যতম ভয়াবহ খরার মুখোমুখি—টানা পঞ্চম বছরের মতো খরা চলছে।

বৃষ্টিপাত রেকর্ড কম হওয়ায় গুরুত্বপূর্ণ জলাধারগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে। পানি ব্যবহারে কাটছাঁট ও সংরক্ষণের জন্য সরকার ও জনসাধারণ উভয়ই মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। মাত্র দুই দশক আগেও লেক উর্মিয়া ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হ্রদ, যার আশপাশে হোটেল-রেস্তোরাঁভিত্তিক পর্যটন ব্যবসা ছিল সমৃদ্ধ। এখন সেখানে নৌকাগুলো মরিচাধরা অবস্থায় শুকনো মাটিতে পড়ে আছে।

এছাড়াও জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলছে। ভয়াবহ পানি সংকট ‘রাজধানী তেহরানসহ প্রধান শহরগুলোর পানীয় জলের সরবরাহ নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে,’ বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভি।