এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

৫২

শেখ হাসিনার বিচারের রায় পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফের‍ত এনে এই রায় কার্যকর করতে হবে।’

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কেবল এই রায় পেয়েই সন্তুষ্ট নই। আমরা সেদিনই সন্তুষ্ট হব, যেদিন এই রায় কার্যকর করা হবে। আমরা যেদিন শুনতে পাব যে, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনই আমরা শান্তি পাব। সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবেন, শহীদ পরিবার ও আহতরা শান্তি পাবেন। তাই দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করার দাবি জানাই। অবিলম্বে শেখ হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফেরত আনতে হবে।’

শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ‘এজন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা শুনেছি যে, সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করব এবং দাবি জানাব, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন।’