নন-ক্যাডারদের বিক্ষোভে জুলাইযোদ্ধাকে পেটাল পুলিশ

২০

৪৩ ও ৪৪তমসহ বিসিএসসহ চলমান সব পরীক্ষায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে চাকরিপ্রত্যাশীদের যমুনা অভিমুখে যাত্রাকালে এক যুবকের টি-শার্টের কলার ধরে লাঠি দিয়ে পেটাতে দেখা যায় পুলিশকে।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঘটে এ ঘটনা।

এর আগে, এদিন সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা।

এরপর বিকেল ৫টার দিকে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে এবং লাঠিপেটা করে।

এমন ভিডিও বেসকারি একটি টিভি চ্যানেলের ফেসবুক পেজে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, পুলিশ ওই যুবকের টি-শার্টের কলার ধরে লাঠি দিয়ে আঘাত করছে। পরে যুবকটি নিজেকে জুলাইযোদ্ধা বলে পরিচয় দেন। তিনি চিৎকার করে বলেন, ‘আমি জুলাইযোদ্ধা, আমার কার্ড আছে।’ এরপর তিনি সাংবাদিকদের কার্ডটি দেখান।

ভিডিওতে পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, একটা ন্যায্য দাবির জন্য আসছি, পুলিশ কেমন নির্মমভাবে পিটিয়েছে। এ সময় ওই জুলাইযোদ্ধা বলেন, ‘আমার শরীরে এখনো ৭০টা বুলেট।’ 

অবশ্য, ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।