শতবর্ষে নিভে গেল অভিনেত্রীর জীবনপ্রদীপ

২৯

বরেণ্য মার্কিন অভিনেত্রী জুন লকহার্ট মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপল এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে জুন লকহার্টের। অভিনেত্রীর মৃত্যুর সময়ে পাশেই ছিলেন তার কন্যা জুন এলিজাবেথ, নাতনি ক্রিস্টিয়ানা।

১৯২৫ সালের ২৫ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে জন্মগ্রহণ করেন জুন লকহার্ট। কানাডিয়ান-আমেরিকা অভিনেতা জিন লকহার্ট ও ইংলিশ অভিনেত্রী ক্যাথলিন দম্পতির একমাত্র কন্যা জুন লকহার্ট।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন জুন লকহার্ট। মাত্র ৮ বছর বয়সে প্রথম মঞ্চে উঠেন তিনি। ১৯৪৭ সালে, ২২ বছর বয়সে ‘ফর লাভ অর মানি’ নাটকে অভিনয় করেন। এ নাটকে অভিনয়ের জন্য ‘সেরা নবাগত অভিনেত্রী’ হিসেবে টনি পুরস্কার লাভ করেন। তার এই পারফরম্যান্সের জন্য ‘থিয়েটার ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পান জুন।

জুন লকহার্ট ১৩ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয়। ১৯৩৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আ ক্রিসমাস ক্যারল’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করে তিনি। দুই বছর বিরতি নিয়ে ফের ‘অল দিস, অ্যান্ড হ্যাভেন টু’ সিনেমায় অভিনয় করেন তিনি। পরের বছর আরো দুটো সিনেমায় অভিনয় করেন জুন। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নানা রূপে প্রমাণ করেছেন এই অভিনেত্রী।

১৯৫৮ সালে, ‘ল্যাসি’ সিরিজের পঞ্চম মৌসুমের শুরুতে জুন লকহার্ট ক্লোরিস লিচম্যানের জায়গায় ‘রুথ মার্টিন’ এর ভূমিকায় অভিনয় শুরু করেন। এ চরিত্র টিভি ইতিহাসের সবচেয়ে প্রিয় মাতৃত্বপূর্ণ চরিত্রের একটিতে রূপ দেন জুন। ১৯৬৫ সালে ‘লস্ট ইন স্পেস’ সিরিজে অভিনয় করেন। এতে একজন স্ত্রী, মা ও মহাকাশ অভিযাত্রীর চরিত্র রূপায়ন করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় টিভি ধারাবাহিক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

১৯৫১ সালে জন এফ. ম্যালোনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুন লকহার্ট। এ সংসারে জন্মগ্রহণ করে দুই কন্যা—অ্যান ক্যাথলিন ও জুন এলিজাবেথ। ১৯৫৯ সালে ভেঙে যায় এ দম্পতির সংসার। একই বছর জন লিন্ডসের সঙ্গে সংসার বাঁধেন জুন লকহার্ট। ১৯৭০ সালে এ সংসারও ভেঙে যায়। এরপর আর কখনো বিয়ে করেননি বরেণ্য এই অভিনেত্রী।