সংগীত পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গ্রেপ্তারের পর জামিন

২৭

জনপ্রিয় বলিউড গান ‘আজ কি রাত’-এর সংগীত পরিচালক সচিন সাংভি যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ভারতের মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে জানা যায়, ২৯ বছর বয়সি এক নারী অভিযোগ করেছেন- বিয়ের প্রতিশ্রুতি ও গানের অ্যালবামে কাজের প্রলোভন দেখিয়ে সচিন তাকে যৌন নিপীড়ন করেন।

ভুক্তভোগী নারীর দাবি, ইনস্টাগ্রামে সচিনের সঙ্গে তার পরিচয় হয়। কিছুদিন আলাপের পর তারা ফোনে যোগাযোগ শুরু করেন। এরপর সচিন তাকে স্টুডিওতে ডেকে নিয়ে যান, যেখানে বিয়ের প্রতিশ্রুতি ও কাজের আশ্বাস দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পরবর্তীতে গর্ভবতী হলে তাকে গর্ভপাতেও বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন ওই নারী।

নারীর করা মামলার ভিত্তিতে পুলিশ সচিন সাংভিকে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় গ্রেপ্তার করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সুরকার ও তার আইনজীবী আদিত্য মিঠে। তারা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন এবং গ্রেপ্তারকে ‘অবৈধ’ উল্লেখ করে জামিনের আবেদন করেন।

খুব অল্প সময়ের মধ্যেই আদালত সচিন সাংভিকে জামিন দেন। তবে তার বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলাটি বিচারাধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রমও চলছে বলে জানিয়েছে পুলিশ।