ক্যানসারে আক্রান্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

২৭

ক্যানসারে আক্রান্ত নাট্যনির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা গোলাম রাব্বানী।

তিনি জানান, কেমোথেরাপি দেওয়া হচ্ছে শুকুকে। আরও ১২ সপ্তাহ চেন্নাইয়ে থাকতে হবে তাকে। পাশে আছেন শুকুর স্বামী ও নির্মাতা নূরুল আলম আতিক। 

এদিকে শুকুকে নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, মাতিয়া বানু শুকু আপু, অনেক ভালো থেকো তুমি… তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ভালোবাসা সবসময় তোমার জন্য। তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে।

মতিয়া বানু শুকুর জন্য দোয়া চেয়ে চয়নিকা লেখেন, শুকু আপু অসুস্থ হয়ে এখন চেন্নাইতে। তাঁর কেমো চলছে। সবাই তাঁকে প্রার্থনায় রাখবেন।

নাট্যাঙ্গনে গুণী নির্মাতা হিসেবে পরিচিত মতিয়া বানু শুকু। তার কাজগুলোর মধ্যে ‘গোল্লাছুট’, ‘ধন্যি মেয়ে’ উল্লেখযোগ্য।

চলচ্চিত্র নির্মাণেও দখল আছে শুকুর। এর আগে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’তেও একসঙ্গে কাজ করেছিলেন শুকু-আতিক দম্পতি। 

২০২২-২৩ অর্থবছরে তিনি ‘লাল মিয়া’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে সরকারি অনুদান পেয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করবেন নূরুল আলম আতিক।