১৫ বছর পর নীরবতা ভাঙলেন আন্নু কাপুর, কী ঘটেছিল

৮১

বলিউডে যেমন তারকাদের ঝলক থাকে, তেমনি লুকিয়ে থাকে নানা বিতর্ক ও জল্পনা। তেমনই একটি বহুচর্চিত ঘটনা ছিল প্রিয়াংকা চোপড়া ও আন্নু কাপুরকে ঘিরে, ২০১১ সালের চলচ্চিত্র ‘সাত খুন মাফ’-এর সময়। সেই সময় একটি ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। ১৫ বছর পর সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন বর্ষীয়ান অভিনেতা আন্নু কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আন্নু কাপুর জানান, সেই ঘনিষ্ঠ দৃশ্যের পেছনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল, যা সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল।

আন্নু কাপুর বলেন, আমি প্রিয়াংকাকে ‘আইতরাজ’ সিনেমার সময় থেকেই ‘বেটি’ বলে সম্বোধন করতাম। তার বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। ফলে ‘সাত খুন মাফ’ সিনেমায় যখন বিশাল ভরদ্বাজ একটি ঘনিষ্ঠ দৃশ্য করতে বলেন, আমি বুঝতে পারি, প্রিয়াংকার জন্য তা অস্বস্তিকর হতে পারে।

তিনি আরও যোগ করেন, আমি নিজেই পরিচালককে অনুরোধ করি দৃশ্যটি বাদ দেওয়ার জন্য। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, প্রিয়াংকা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। আমি সেটে কখনোই এমন কিছু করতে চাইনি যা সহঅভিনেতার জন্য অস্বস্তির কারণ হয়।

সিনেমার প্রচারকালীন এক অনুষ্ঠানে আন্নু কাপুরের একটি মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। সেসময় তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত হয়, প্রিয়াংকা আমাকে চুমু দিতে রাজি হননি, কারণ আমি সুদর্শন নই। এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রিয়াংকা চোপড়া নিজেও সেই সময় এই মন্তব্যকে ‘বিরক্তিকর ও অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দেন।

আন্নু কাপুর এবার বলেন, প্রিয়াংকা পুরোপুরি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। আমি কখনো তার প্রতি রাগ করিনি। এটি শুধুই একটি দৃশ্য বাতিলের ঘটনা নয়, বরং একজন সহশিল্পীর প্রতি সম্মান জানানোর উদাহরণ।

তিনি আরও বলেন, আজও আমি বিশ্বাস করি, একজন শিল্পীর স্বাচ্ছন্দ্য ও সম্মান রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটি আমি করেছি।