বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী দল ঘোষণা

২৯

বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার শাই হোপ। আগামী ১৮ অক্টোবর শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ।

ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার আকিম অগাস্ট। এ ছাড়া ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরে ফিরেছেন দলে।

টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস এবং ব্যাটার আমির জাঙ্গুকে।

কবজির চোট পুরোপুরি না সারায় ওয়ানডে দলে সুযোগ পাননি অভিজ্ঞ ব্যাটার এভিন লুইস। তার জায়গাতেই সুযোগ পেয়েছেন অগাস্ট। গত বছর ডিসেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরেছেন অলিক আথানেজে।

এদিকে ভারতের বিপক্ষে টেস্টে চোটের কারণে না খেলা পেসার শামার জোসেফ থাকছেন দুই ফরম্যাটের দলেই।

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ড্যারেন স্যামি বলেন, এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে। দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য বড় সুযোগ।

ওয়ানডে সিরিজ সূচি:

প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর, ঢাকা

দ্বিতীয় ওয়ানডে: ২১ অক্টোবর, ঢাকা

তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর, ঢাকা

টি-টোয়েন্টি সিরিজ সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর, চট্টগ্রাম

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর, চট্টগ্রাম

তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর, চট্টগ্রাম।

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের এই দলকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ। নতুন মুখের পারফরম্যান্স এবং শাই হোপের নেতৃত্বে দলের পারফরম্যান্সে নজর থাকবে সবার।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার
জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।