প্রথমবারের মতো মিস ইউনিভার্সে আমিরাত সুন্দরী

২৩

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো সরাসরি অংশ নিতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক নারী। ২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ দেশটির প্রতিনিধিত্ব করবেন আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম ‘মিস ইউনিভার্স’ আসরে।

রবিবার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই ২০২৫’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতাটি থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের প্রায় ১৩০টি দেশের সুন্দরীরা অংশগ্রহণ করবেন।

মরিয়ম বলেন, এই খেতাব অর্জন আমার জন্য ভাষায় প্রকাশের অতীত এক সম্মান। এটি শুধু আমার নয়- প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধুই সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব তৈরির একটি প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, মরিয়ম মোহামেদ প্রথম আমিরাতি নারী হিসেবে ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিচ্ছেন। তবে এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছিলেন মডেল অ্যামিলিয়া ডোব্রেভা। জন্মসূত্রে কসোভোর এই নাগরিক দীর্ঘদিন দুবাইয়ে বসবাস করার কারণে ইউএই-এর হয়ে অংশ নেওয়ার সুযোগ পান।

‘মিস ইউনিভার্স ইউএই’ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মরিয়মের নির্বাচন শুধু তার ব্যক্তিত্ব, সৌন্দর্য ও প্রতিভার ভিত্তিতেই নয় বরং নারীর ক্ষমতায়ন এবং সামাজিক প্রভাব তৈরির ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দিয়ে করা হয়েছে।