৮ যৌথ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ৬৯

Ispr 20250418 193507176
১৯

গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আট দিনের এই অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালায়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, শিশু পাচারকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড গুলি, দেশীয় ও বিদেশি ধারালো অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইলফোন, বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৬২ জেলায় সেনাবাহিনী টহল পরিচালনা করছে। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ও মন্দিরে পূজা অর্চনার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করছে সেনাবাহিনী। এ ছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরাসরি ভূমিকা রাখছে তারা।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসঙ্গে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সাধারণ মানুষকে নিকটস্থ সেনাক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।