নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে দুই দল, প্রতীক নিশ্চিতে এনসিপিকে চিঠি দেবে ইসি

Election Commisinon 20240401094242 20240401094840
১৭


রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে প্রতীক নিয়ে জটিলতা থাকায় এনসিপিকে প্রতীক নিশ্চিতে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ১৪৩টি দল আবেদন করেছিল। সেখান থেকে প্রাথমিক পর্যায়ে ২২টি বাছাই করা হয়েছে। অনুসন্ধান শেষে এনসিপি ও জাতীয় লীগ প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। বাংলাদেশ জাতীয় লীগ যে প্রতীক চেয়েছে তা ঠিক আছে। তবে এনসিপির প্রতীক নিয়ে জটিলতা থাকায় দলটির কাছে প্রতীক নিশ্চিতে চিঠি পাঠানো হবে।

তিনি আরও বলেন, তিনটি দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। দলগুলো হলো, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি, জাসদ (শাহজাহান সিরাজ)। আর ৯টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। সেই দলগুলো হলো, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্স), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।


এদিকে ৭টি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব। দলগুলো হচ্ছে, ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।