সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৩

৪৬

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত আট দিনে যৌথ বাহিনীর অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

এ সকল যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, দালাল, চাঁদাবাজ, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, জুয়াড়ি, অবৈধ বালু উত্তোলনকারী এবং মাদকাসক্তসহ মোট ৩৩ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৩টি ম্যাগাজিন, ১৪ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৩টি ককটেল, একটি সাউন্ড গ্রেনেড ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, ওয়াকিটকি, মোটরসাইকেল, পাসপোর্ট, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। 

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

একইসঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।