মাদককাণ্ডে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন সাফা

Img 20250910 200554
২৯

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপের মাদককাণ্ডে নাম জড়ানোর খবরের প্রায় এক বছর পর ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির মুখ খুলেছেন। সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে সাফা তার ক্যারিয়ার ও জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন এবং মাদককাণ্ডের খবরের বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্য বিবৃতি দেন।

সাফা কবির বলেন, নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে ভাবছিলাম। কিন্তু এই ধরনের খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। মিডিয়ার কেউ কি ভাবল, আমাদের জীবন কী হবে?

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ ছাড়া কোনো তথ্য ছড়িয়ে দেওয়া এবং কাউকে অপরাধী ধরে নেওয়া অনুচিত। আমরা হঠাৎ হুজুগে অনেক কিছু করি, কিন্তু চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। মা-বাবারা ভাবছেন, এখানে সন্তানেরা সুরক্ষিত নয়, ফলে অনেক সুযোগ হারাচ্ছি, বলেন সাফা।

মাদকসংক্রান্ত খবরের পর সাফা একের পর এক কাজ হারান। তিনি জানান, বৃহস্পতিবার খবর প্রকাশিত হলে রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যায়। আমি বোঝানোর চেষ্টা করেছি, আমি এতে কোনো সম্পৃক্ত না। কিন্তু কেউ বিশ্বাস করেনি। সিনিয়র শিল্পীরাও কাজ বাতিল করছিলেন।

সাফা কবির জানান, এমন সময়ে তার শোবিজ বন্ধুদের সমর্থন অনেক সাহস দিয়েছে। তৌসিফ মাহবুব বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। জোভান ও সিয়াম মানসিকভাবে পাশে ছিল। আমার এই বন্ধুরা সত্যিই অসাধারণ,যোগ করেন তিনি।

সাফার বক্তব্য থেকে স্পষ্ট, প্রমাণ ছাড়া ছড়ানো সংবাদ ও সামাজিক প্রচার কোনো ব্যক্তির জীবনে বড় ক্ষতি করতে পারে।