পুলিশ পেটানো সেই চিকিৎসকের জামিন

Rtv 20250903 201957528
২০

সিগন্যালে পড়ায় রেগে গিয়ে ট্রাফিক পুলিশের কনস্টেবলকে মারধর করার ঘটনায় করা মামলায় মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. আনোয়ার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মো. গোলজার হোসেন তাকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামিপক্ষে তার আইনজীবী শেখ আব্দুল বারী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তার জামিনের আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে খিলগাঁও রেল গেটের দক্ষিণ সিগন্যালে পড়ে যান আসামি ডা. আনোয়ার হোসেন। এতে দেরি হওয়ার কারণে দায়িত্বরত পুলিশ সদস্য মামলার বাদী রবিউল হাসানকে গালমন্দ করেন এবং হুমকি দিয়ে আবার আসতেছি বলে চলে যায়।

১৫ মিনিট পর ১০ থেকে ১২ জন মোটরসাইকেল করে রবিউলের কাছে এসে রবিউলের গোপনাঙ্গে লাথি মারে। পরবর্তী সময়ে আনোয়ারসহ আসামিরা তাকে মাটিতে ফেলে ঘাড়, বুক, পিঠসহ শরীরের বিভিন্নস্থানে জখম করে। বিট অফিসার এএসআই রবিউল ইসলাম এগিয়ে এলে তাকে স্ব-জোরে ধাক্কা দেন এবং তার পোশাকের র‍্যাক বেইজ ধরে টান দেয়। পরে আশেপাশের পুলিশ সদস্যরা এসে ডা. আনোয়ারকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সরকারি কাজে বাধাদান ও মারধর করে জখম করায় মামলা করেন সবুজবাগ ট্রাফিক বিভাগের কনস্টেবল রবিউল হাসান।