নুরকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

Img 20250830 140855
৩৯

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে সেখানে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

শনিবার (৩০ আগস্ট) তিনি ডাকসুর সাবেক এই ভিপিকে দেখতে হাসপাতালে যান।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ও তার সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরুল হক নুরের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে।

তিনি আরও বলেন, নুরের চিকিৎসায় শুক্রবার রাতেই উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার বিষয় নিয়ে আজ মেডিকেল বোর্ড আলোচনায় বসবে।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।