সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু

Election

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয়।

এদিন ঢাকা অঞ্চলের দাবি আপত্তির শুনানি হচ্ছে।

সকালে মানিকগঞ্জ-১,২ ও ৩; নরসিংদী-৪ ও ৫  এবং নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের শুনানি শুরু হয়েছে। দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

চারদিনের এই শুনানি চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। এ চারদিনে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হবে।

গত ১০ আগস্ট পর্যন্ত  মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলোই নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।