ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক বন্ধু

Palestine 20250811 125755151
৩৪

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে পরিচিত আরও এক দেশ। আগামী মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, ক্যানবেরায় সাংবাদিকদেরকে আলবানিজ বলেছেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও অনাহার শেষ করতে দুই রাষ্ট্র সমাধানই মানবতার জন্য সর্বোত্তম আশা। যতদিন পর্যন্ত পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা চিরস্থায়ী না হচ্ছে, ততদিন শান্তিও স্থায়িত্ব পাবে না।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের নিজেদের দেশ পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে ফিলিস্তিনিদের এই অধিকারকে বাস্তবে রূপ দেবো আমরা।

সাম্প্রতিক সময়ে ফ্রান্স, ব্রিটেন এবং কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। সবগুলো ঘোষণাই সেপ্টেম্বরের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।

প্রায় দুই বছর ধরে হামাস উৎখাতের নামে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মূলত, এ প্রেক্ষাপটেই গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সরাসরি প্রক্রিয়া হিসেবে ‘দুই রাষ্ট্র’ সমাধানকে সামনে নিয়ে আসতে চাইছে পশ্চিমের দেশগুলো।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এখানে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার সদ্ব্যবহার করবে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো আমরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে, ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের জঙ্গিদের কোনো ভূমিকা থাকবে না।

মূলত, এই আশ্বাস পেয়েই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। তবে, গাজায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ধরনের এখতিয়ার নেই। প্রায় দুই দশক ধরে গাজার শাসনভার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে।