বিএনপি ভোটে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির

Humayen 2508071634
২১

নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

তিনি বলেছেন, ‘‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।’’

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে অতিথির বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ূন কবির এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে।’’

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘‘বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে, আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।’’

এর আগে, সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।