৫ আগস্ট হাসিনার সঙ্গে ভারতেরও করুণ পরাজয় হয়েছে : রাশেদ প্রধান

1754467536 3efeb299d2e21d3bd146ba5279e67655
১৭

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পাশাপাশি ভারতেরও পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

বুধবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং হাসিনাকে ফেরতের দাবিতে জাগপা আয়োজিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল মেরুল বাড্ডা থেকে শুরু হয়ে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে পৌঁছালে পুলিশের বাধার মুখে পরে। এরপর তাৎক্ষণিক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার দেখার জন্য হাজারো শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা অপেক্ষা করছে। হিন্দুস্থান রাষ্ট্রীয় মর্যাদায় শেখ হাসিনাকে ১ বছর ধরে আশ্রয় প্রদান করেছে। কথাবার্তা পরিষ্কার- খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। অবৈধ পুশ-ইন বন্ধ করতে হবে। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে। ভূমি দখল বন্ধ করতে হবে, দখলকৃত জমি ফেরত দিতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে দাদাগিরি বন্ধ করতে হবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আমরা হিন্দুস্থানকে আর ছিনিমিনি খেলতে দেবো না। ভুলে গেলে চলবে না, ৫ আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা আর আওয়ামী লীগের পরাজয় হয়নি। একই সাথে হিন্দুস্থানেরও করুণ পরাজয় হয়েছে।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মো. নিজামদ্দিন অমিত, ভিপি মু. মুজিবুর রহমান, মো. শামীম আক্তার পাইলট, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম ও জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীসহ অনেকে।