মাইলস্টোনে শোক, উত্তরায় উদ্দাম নাচ; শহরের বুকে যেন মিনি পতিতালয়!

Whatsapp image 2025 07 28 at 2.58.56 pm
৩০

মো. রাসেল হাওলাদার, প্রিয় আলো: মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় যখন সারাদেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, তখন রাজধানীর উত্তরা যেন ঠিক উল্টো এক চিত্রের সাক্ষী। ছোট ছোট শিশুদের প্রাণহানিতে পুরো জাতি যেখানে গভীরভাবে শোকাহত, ঠিক তখনই উত্তরা এলাকার কিছু বার ও রেস্টুরেন্টে চলছে উদ্দাম নৃত্য, মদ্যপান ও অশ্লীলতার আসর।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উত্তরার কিচেন হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড বারে গভীর রাত পর্যন্ত চলেছে ডিসকো লাইটের তালে তালে অশ্লীল নাচ। এখানে প্রবেশের ক্ষেত্রে কোনো পারমিট কার্ডের প্রয়োজন পড়ছে না। সরকারের অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, ২১ বছরের নিচে কারো মদ পানের অনুমতি নেই এবং বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত বারের কার্যক্রম সীমাবদ্ধ থাকার কথা থাকলেও, বাস্তবে তা মানা হচ্ছে না।

রাত ১০টার পর থেকে শুরু হয়ে যায় মদ ও মাদকের আসর, যা চলে টানা ভোর ৩টা পর্যন্ত। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ সেখানে অংশ নিচ্ছেন। মদের গ্লাস হাতে উন্মত্ত নৃত্য আর উচ্চ শব্দের মিউজিক যেন পুরো জায়গাটিকে রূপ দিয়েছে এক মিনি পতিতালয়ে।

কিচেন হাউজের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান, বারের মালিক অত্যন্ত প্রভাবশালী এবং টাকা দিয়ে সবাইকে ‘ম্যানেজ’ করে ফেলেন। তিনি দাবি করেন, শুধু চাঁদা হিসেবেই মাসে প্রায় ২০ লাখ টাকা বিভিন্ন সংস্থাকে দিতে হয়।

এখানেই শেষ নয়, বার বন্ধ হওয়ার পর রাতভর উত্তরার বিভিন্ন আবাসিক হোটেলেও চলে গোপন অসামাজিক কার্যক্রম। স্থানীয়রা বলছেন, এসব কার্যকলাপে জড়িত ব্যক্তিরা প্রশাসনের কিছু অসাধু সদস্যের আশ্রয়ে থেকে একধরনের অবৈধ ‘নাইট লাইফ কালচার’ গড়ে তুলেছে।

২০২২ সালের ১৮ জানুয়ারি সরকার ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা’ জারি করলেও তা বাস্তবায়নে নজরদারির অভাব স্পষ্ট। এ বিষয়ে জানতে চাইলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা অঞ্চলের পরিদর্শক জানান, বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে দেশের মানুষের আবেগ যেখানে শিশুদের প্রতি সহানুভূতিতে ভাসছে, সেখানে একই শহরেরই আরেক প্রান্তে চলছে উল্টো চিত্র। প্রশাসন, সমাজ এবং পরিবারের দায়িত্বশীল ভূমিকা ছাড়া এ বিপথগামী প্রবণতা থামানো কঠিন বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।