সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপ ২০২৫, অংশ নেবে ৮ দল

Asia cup
১৮৭

প্রিয় আলো, ক্রীড়া ডেস্কঃ এই বছর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ এশিয়া কাপ। শনিবার (২৬ জুলাই) বিকেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করেন।
৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। সূচি ঘোষণার আড়াই ঘণ্টার মধ্যেই এসিসি চেয়ারম্যান পূর্ণাঙ্গ ফিকশচার প্রকাশ করেন।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

দলগুলোকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। তুলনামূলক সহজ এই গ্রুপে টাইগারদের সামনে রয়েছে সুপার ফোরে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ।
অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।
পরবর্তী দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
গ্রুপ পর্ব শেষে ২০ সেপ্টেম্বর শুরু হবে সুপার ফোর পর্ব। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক আমিরাতের বিপক্ষে। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।
গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান।

মূলত, ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারত ও পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল ভারত সফরে রাজি হয়নি। ফলে যৌথ সিদ্ধান্তে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

টুর্নামেন্টের আয়োজক নামমাত্র ভারত হলেও খেলাগুলো অনুষ্ঠিত হবে আমিরাতে।
আট দলের এই লড়াইয়ে জমজমাট টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস