স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Priyo khaleda
১৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশান-২ এর ৭৯ নম্বর রোডে অবস্থিত তাঁর বাসভবন ‘ফিরোজা’-তে পৌঁছান।

এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাত ১টা ৪৮ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “চিকিৎসকদের পরামর্শে কিছু মেডিকেল টেস্ট করার প্রয়োজন হওয়ায় ম্যাডামকে ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে।”

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন-ও বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদ্‌রোগসহ একাধিক জটিল রোগে ভুগছেন। ২০২1 সাল থেকে নিয়মিতভাবে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড নিয়মিত তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ করে থাকেন।

বিএনপি ও তাঁর পরিবার দাবি করে আসছে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সে অনুমতি মেলেনি।