লন্ডনে শুটিং চলাকালে স্বামীর আত্মহত্যার খবরে যা করেন রেখা

1753180537 7797d2c53f1866e47d4d826dba9ab7a7
২৪

তিনি বলিউডের রহস্যময়ী নারী। তিনি এমন এক প্রেমিকা, যার প্রেম সিনেপর্দার বাইরেও ইতিহাস তৈরি করেছে। অমিতাভ বচ্চনের সঙ্গে গভীর সম্পর্ক, প্রেমে আঘাত নিয়েও তার স্ট্রং ব্যক্তিত্ব সদাই স্পটলাইটের নিচে। স্বামী মারা গেলেও এখনো সিঁথিতে সিঁদুর পরেন তিনি। হ্যাঁ, তিনি আর কেউ নন, ভানুরেখা জেমিনি গণেশন তথা বলিউড ডিভা রেখা।

সিনেপর্দায় তার ম্যাজিকের সিলসিলা আজও ভক্তদের মন ভরিয়ে দেয়। পর্দায় ম্যাজিক তৈরি করা সেই সুন্দরী রেখার জীবন কিন্তু একেবারেই মসৃণ নয়। বরং তার জীবন অনেকটাই বেদনায় মোড়া। বিশেষ করে তার দাম্পত্য জীবন সুখের ছিল না। তার ওপর সহকারী ফরজানার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন। হাজারো কটূক্তি শুনতে হয়েছিল তাকে। আর এরই মাঝে হঠাৎ স্বামীর আত্মহত্যার খবরে কেঁপে উঠেছিলেন অভিনেত্রী।

কী ঘটেছিল সেই অভিশপ্ত দিনটিতে?

সালটা ১৯৯০। অক্টোবর মাসের ২ তারিখ। সেই সময় লন্ডনে একটা সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন রেখা। শটের মাঝে হঠাৎই খবর পান তার স্বামী মুকেশ আগরওয়াল আত্মহত্যা করেছেন। শুটিং ফ্লোরেই ভেঙে পড়েছিলেন রেখা। ভাবতেই পাচ্ছিলেন না, এমনটা হতে পারে। হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। শুটিং ফ্লোর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন, কখনো ভাবতেও পারিনি আমার সঙ্গে এটা ঘটবে। মেনে নিতে পারছিলাম না। কেন মুকেশ এমনটা করল, তা বুঝতে পারছিলাম না। তারপর সময় এগিয়ে গেল, মেনে নিলাম। আর তো কিছু করার ছিল না।

স্বামী মুকেশের মৃত্যুর পুর রেখাকে শুনতে হয়েছিল নানা অপবাদ। অনেকে তো আবার রেখাকে মানসিক অসুস্থও বলতেন। তবে বুকের ভেতর এসব নিয়েই জীবন কাটাচ্ছেন বলিউডের এভারগ্রিন এই অভিনেত্রী। এখনো মৃত স্বামী মুকেশের নামে সিঁদুর পরেন তিনি। এখনো নিজেকে রহস্যের মোড়কে বন্দি করে রেখেছেন রেখা।