এই দেশ নিজের মানুষদের দ্বারাই অভিশপ্ত: সালমান মুক্তাদির

Salman muqtadir 20250721175521
১৯

উত্তরায় বিমানবাহিনীর যুুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর পর্যন্ত ৩১ জন দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১৬৫ জন।

স্কুল শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে শোকের মাতম চলছে। শোবিজের তারকারাও শোকে বিহ্বল। দর্শকপ্রিয় অভিনেতা ও মডেল সালমান মুক্তাদির এ দুর্ঘটনায় নিজের ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন।

এ নিয়ে তিনি সালমান মুক্তাদির ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি চুপ করে থাকার জন্য। আমার সবকিছু বুকে চেপে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। এই দেশ নিজের মানুষদের দ্বারাই অভিশপ্ত।

তিনি আরও লেখেন, আমি বারবার বলি, আমরা আমাদের প্রাপ্য মৃত্যুই পাই। সেটা হোক ভবন ধসে পড়ে চাপা পড়া, ট্রাক আমাদের শরীরের ওপর দিয়ে চলে যাওয়া, বাস মাথা পিষে দেওয়া, নির্মাণযন্ত্র কংক্রিট ফেলে দিয়ে হত্যা করা, স্কুলের ওপর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা, কিংবা ত্রুটিপূর্ণ প্যারাস্যুট বা বিমানে পাইলটদের মৃত্যু- আমরা এই মর্মান্তিক পরিণতিগুলোরই যোগ্য।

সালমান মুক্তাদির এই মৃত্যু আমাদের প্রাপ্য উল্লেখ করে বলেন, আমরা প্রতিদিন সবকিছু উপেক্ষা করি, কারণ তা আমাদের সঙ্গে ঘটে না। কিন্তু যখন ঘটে, তখন আমরা কাঁদি, অনুতাপ করি, তারপর আবার আগের মতোই চলি। আমাদের এই মৃত্যু প্রাপ্য, কারণ আমরা দেশের এই চলার ধারা মেনে নিই, মেনে চলতে দিই। তাই যখন কেউ মুখ না খুলে, আর যারা সামান্য কিছু বলেন তারাও একসময় ক্লান্ত হয়ে হার মেনে নেন, তখন সেটা একটা অভিশপ্ত চক্রে পরিণত হয়। তাই বসে থাকো, কেঁদে নাও, আর আশা করো সবকিছু হঠাৎ করে ঠিক হয়ে যাবে। আমার ভেতরটা ধ্বংস হয়ে যায় যখন দেখি- একজন মানুষও নেই যিনি বলবেন, এই পর্যন্ত, আর না! একজনও নেই যে বলবে, এবার সময় এসেছে ঠিক করার। যা ঘটেছে, তা খুব সহজেই এড়ানো যেত।