প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে: নাহিদ

Nahid 2507200724
১৯২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে। আমরা যখন সরকারে ছিলাম তখন আমরা শহীদ পরিবারদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ তৈরি করেছি। দেখা যাচ্ছে, উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি করছে এবং সেখানে অনেক ধরনের ঝামেলা এখনও হয়।”

রবিবার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “আমরা সারা দেশে পদযাত্রা করছি, সব শহীদ পরিবারদের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজ খবর নেওয়া হয়েছে।”

শহীদ পরিবারের উদ্দেশ্যে নাহিদ বলেন, “আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি অভ্যুত্থানে আমরা ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি। অবশ্যই শহীদ পরিবারদের- শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন।”

নাহিদ বলেন, “আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারা দেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ সেল করছি, সেটার অধীনে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি আমরা পুনরায় সবার নাম্বারগুলো নিচ্ছি। জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, সেটা আমরা সব সময় বলছি এবং ৩ আগস্টে সেটা নিয়ে আমরা ঢাকায় বড় প্রোগ্রাম করব। সরকার যাতে এটা দেয়। সরকারও বলছে ৫ আগস্টের মধ্যে দেবে।”

তিনি বলেন, “আপনাদের কাছে দোয়া চাই, যেন আমরা ভালোভাবে চলতে পারি, সফল হতে পারি। আপনাদের দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের জন্য চেষ্টা করব।”

এসময় চট্টগ্রামের শহীদদের পরিবার ও এনসিপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এনসিপি নেতৃবৃন্দ রাঙ্গামাটির উদ্দেশে যাত্রা করেন।