আমিরের ‘সিতারে জমিন পর’: ভিন্নধর্মী গল্পে বক্স অফিসে সাড়া

1750531409 7c81926e563654a1a5d9590cc095fe44
২০০

‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস ব্যর্থতার পর তিন বছরের বিরতি ভেঙে নতুন ছবি নিয়ে ফিরলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

শুক্রবার (২১ জুন) মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’। মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিস থেকে ছবিটি আয় করেছে ১১ কোটি রুপি— যা আমিরের প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর ইঙ্গিত দিচ্ছে।

ছবিটির মুক্তির আগে নানা নেতিবাচক আলোচনা হলেও মুক্তির পর বক্স অফিস আয়ের চিত্র পাল্টে যায়। অগ্রিম বুকিং হতাশাজনক হলেও মুক্তির দিন সিনেমা হলে দর্শক টেনেছে ছবিটি। ‘লাল সিং চাড্ডা’র মতো এটিও একটি বিদেশি সিনেমার রিমেক— স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনস’-এর হিন্দি সংস্করণ। তবে ছবির বিষয়বস্তু ও আমিরের অভিনয় দর্শক-সমালোচকদের মন ছুঁয়েছে।

ছবির গল্প এগিয়েছে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে নিয়ে, যাদের বাস্কেটবল প্রশিক্ষণ দেন আমির খান। ভিন্নধর্মী এই গল্প দর্শকদের ভালো লেগেছে বলেই মত দিয়েছেন সমালোচকরা। পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, শনিবার ও রবিবার ভারতের ছুটির দিনে ছবিটির আয় আরও বাড়বে। আর এভাবে চলতে থাকলে আমিরের প্রত্যাবর্তন সফল হতে পারে বলেও মনে করছেন অনেকে।

এর মাধ্যমে অ্যাকশননির্ভর ধারার বাইরে এসে আমির খান আবারও ভিন্নধারার গল্পে বাজিমাতের চেষ্টা করেছেন—যা সমালোচকদের প্রশংসা পেয়েছে।