আরও দুই শীর্ষ কমান্ডারকে হারালো ইরান

Img 20250621 170132
১৬

নবম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল চলমান সংঘাত। শুরুর দিন থেকেই ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ পারমানবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রথম দিনই সামরিক বাহিনীর প্রধানসহ অন্তত ২০ জন শীর্ষ কমান্ডারকে হারিয়েছে ইরান। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, সামরিক বাহিনীর আরও দুইজন কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর গোলায়। উভয়েই বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার ছিলেন।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে নিহত দুই কমান্ডারের নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রথম জনের নাম আমিন পৌর যোধি এবং দ্বিতীয় জনের নাম বেনহাম শারিয়ারি। তারা উভয়েই ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন।

আইডিএফের তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি আইআরজিসির সামরিক বা ইউএভি ড্রোন ইউনিটের প্রধান ছিলেন। আগে এ ইউনিটের সেকেন্ড কমান্ডার ছিলেন তিনি; গত ১৩ জুন আইএএফের অভিযান শুরুর পর তাকে এ ইউনিটের শীর্ষ কমান্ডার করা হয়।

প্রসঙ্গত, সামরিক বা ইউএভি ড্রোন ইরানের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানের সামরিক ড্রোনের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ।

নিহত অপর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি’র দায়িত্ব ছিল ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ, হামাস, হুথিসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা এবং এসব গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের ব্যাপারটি দেখভাল করা।

এ ঘটনায় এখনও ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসি থেকে কোনো প্রতিক্রিয়া জাননো হয়নি।

শুক্রবার রাতে রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় বিমান অভিযান চালিয়েছে আইএএফ। এ অভিযানের সময় তেহরানের সংলগ্ন কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিডেগিয়ার জেনারেল আমিন পৌর যোধি। কাছাকাছি সময়ে তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।