হরিয়ানায় মডেল হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্য, প্রেমিক গ্রেফতার

1750138635 25f6a2cb9be9eeb2e8d31135a08b8fa2
২৩

ভারতের হরিয়ানায় গানের ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর শীতল নামের এক মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকায় একটি খাল থেকে ২৩ বছর বয়সী ওই মডেলের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় পুলিশ জানিয়েছে, উত্তর ভারতের হরিয়ানার এই মডেল সিমি চৌধুরী নামেও পরিচিত ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার গলা কাটা ছিল।

তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শীতলের প্রেমিক সুনীলকে গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শীতলের প্রেমিক সুনীলের স্ত্রী রয়েছে, তিনি দুই সন্তানের জনক। আর তার সঙ্গে ছয় বছর ধরে সম্পর্ক শীতলের।

সুনীল গ্রেফতারের পর চাঞ্চল্য দিয়েছেন। ঘটনার নেপথ্যে রয়েছে শীতলের সঙ্গে সম্পর্কের বনিবনা না হওয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শীতলের হত্যাকাণ্ডে কথিত প্রেমিক সুনীলকে আটক করেছে পুলিশ। শীতলের পরিবার দাবি করছে, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও সুনীল বারবার তাকে হুমকি দিতেন এবং শারীরিকভাবে নির্যাতন করতেন।

পুলিশ জানিয়েছে, শীতলের হাতে ও বুকে উল্কিচিত্র ছিল। এসব চিহ্ন দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। মরদেহটি সোনিপাত জেলার খারখোদার রিলায়েন্স খাল থেকে উদ্ধার করা হয়।

নিহত শীতলের বোন নেহা পুলিশকে জানান, শনিবার একটি ভিডিও কলে শীতলের সঙ্গে তার কথা হয়। এর পর থেকে শীতলের ফোন বন্ধ ছিল।

সেই কলেই শীতল অভিযোগ করেছিলেন, তার প্রেমিক সুনীল তাকে মারধর করছেন।

নেহা আরও বলেন, ‘শীতল আমাকে জানিয়েছিল, সুনীল জোর করে ওকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছে। কথার মাঝপথেই কল বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আমি চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে রবিবার সকালে জানতে পারি, সুনীলের গাড়ি খালে পড়ে গেছে। ’