ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগোলো বাংলাদেশ

1749732544 4990583d8867324a58e9c65260440160
১৭

শক্তিশালী প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৩৩ থেকে ১২৮তম স্থানে উঠে এসেছে রিতুপর্ণা-আফিয়াদের দল।

জর্ডান সফরে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জর্ডানের সঙ্গে ২-২ গোলে ড্র করে পিটার জেমস বাটলারের শিষ্যারা।

এই দুইটি ড্র ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলে।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট হারানোয় এক ধাপ করে পিছিয়েছে উভয় প্রতিপক্ষ। বর্তমানে জর্ডান রয়েছে ৭৫তম এবং ইন্দোনেশিয়া ৯৫তম স্থানে।

২০১৯ সালের পর এবারই প্রথম এত বড় অগ্রগতি দেখা গেল বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে।

ওই বছর জুলাইয়ে তারা উঠেছিল ১৩০তম স্থানে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে এবারও কোনো পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে স্পেন ও জার্মানি। তবে বড় অগ্রগতি করেছে ব্রাজিল, যারা চার ধাপ এগিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের এই উন্নতি বাড়তি আত্মবিশ্বাস দেবে বাংলাদেশ নারী দলকে। চলতি জুনের শেষদিকে মিয়ানমারে অনুষ্ঠিতব্য এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নেবে তারা। বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার।