পারিশ্রমিক ছাড়াই যে ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ

1749011977 78a888dc486cc4006b19713944def777
২৪

বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট ছবিতে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। প্রতিটি ছবির সঙ্গেই জড়িয়ে আছে কোনো না কোনো আকর্ষণীয় ঘটনা। এমনই একটি ছবি হলো ২০০৫ সালের আলোচিত সিনেমা ‘ব্ল্যাক’ যা পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা বনশালি।

এই ছবির জন্য বিগ বি কোনো পারিশ্রমিকই নেননি, এমনকি এটি তুর্কি ভাষায় রিমেকও হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মাত্র ২২ কোটি টাকা বাজেটে নির্মিত ‘ব্ল্যাক’ ছবিটি বক্স অফিসে ৬৬ কোটি টাকা আয় করেছিল, যা সেই সময়ে একটি বিশাল সাফল্য ছিল। কিন্তু অনেকেই জানেন না যে, এই ছবির জন্য অমিতাভ বচ্চন এক টাকাও পারিশ্রমিক নেননি।

একবার অমিতাভ নিজেই জানিয়েছিলেন, তিনি সঞ্জয় লীলা বনশালীর কাজের প্রতি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে কেবল এই ছবির অংশ হতে চেয়েছিলেন। তার কাছে সেটাই গুরুত্বপূর্ণ ছিল, তাই তিনি পারিশ্রমিক গ্রহণ করেননি।

‘ব্ল্যাক’ ছবিটি শুধু বাণিজ্যিকভাবে সফলই ছিল না, সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ২০০৫ সালে টাইম (ইউরোপ)-এর ১০টি সেরা ছবির তালিকায় এটি পঞ্চম স্থান লাভ করে। এছাড়াও আইএমডিবি এর রিপোর্ট অনুযায়ী, এই ছবিটি মোট ৫৭টি পুরস্কার জিতেছিল, যা এর ব্যতিক্রমী মান প্রমাণ করে।