প্রথম বিয়ে ভুল সিদ্ধান্ত ছিল: আমির খান

Img 20250602 183750
১৯

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। জীবনের ৫৯ টি বসন্ত পার করে চলতি বছর পা দিয়েছেন ৬০ এ ‘রাজা হিন্দুস্থানি’ এই তারকা। সম্প্রতি নিজের প্রথম বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি।

ইউটিউবার রাজ শামানির পডকাস্টে অতিথি হয়ে এসে আমির জানান, তার প্রথম স্ত্রী রীনা দত্তকে বিয়ের সিদ্ধান্তটা ছিল বেশ তাড়াহুড়োর ফল। মাত্র চার মাস চেনা-জানার পরেই তারা বিয়ে করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, তিনি বলেন, আমি ২১, আর রীনা ছিল ১৯। আমরা একে অপরকে মাত্র চার মাস চিনি, এর মধ্যেই বিয়ে করে ফেলি। ১৮ এপ্রিল, যেদিন প্রথমবার আমি আইনত বিয়ে করতে পারি, সেদিনই আমরা বিয়ে করি। এখন বুঝি, সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তে নেয়া উচিত ছিল।

তবে তিনি একে ভুল হিসেবে ব্যাখ্যা করলেও রীনার সঙ্গে অতীতকে অস্বীকার করেননি। আমির বলেন, রীনার সঙ্গে আমার জীবনটা খুব সুন্দর কেটেছে। দয়া করে কেউ যেন এটা ভেবে না বসেন যে রীনা আমার জীবনের ভুল ছিল। আমি বরং বলব, সময়টা সঠিক ছিল না। আমরা একসঙ্গে বড় হয়েছি, একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এখনো রয়ে গেছে।

আমির আরও বলেন, আমি জীবনের সবচেয়ে বড় উপহার ইরা আর জুনইদকে পেয়েছি এই বিয়ে থেকেই। আমি যদি সেটা না করতাম, তাহলে আজ এখানে পৌঁছাতে পারতাম না। পডকাস্টে আমির তার ব্যর্থ বিবাহের পেছনের একটি বড় কারণ হিসেবে কাজের প্রতি তার অতিরিক্ত মনোযোগকেই দায়ী করেন। বলেন, আমি সিনেমায় এতটাই ডুবে ছিলাম যে ব্যক্তিগত সম্পর্কের দিকে নজরই দিইনি। আমি ছিলাম ওয়ার্কাহলিক, এটাই ছিল রেড ফ্ল্যাগ।

এর আগে এক সাক্ষাৎকারে আমির জানান, রীনার সঙ্গে তার বিয়েটি ছিল গোপনে, মাত্র তিনজন সাক্ষীর উপস্থিতিতে। কোর্ট ম্যারেজ করে, ৫০ পয়সার বাস টিকিট কেটে, খুব কম খরচে তারা বিয়ে করেন।

বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন আমির খান। অন্যদিকে আমিরকে খুব শিগগিরই দেখা যাবে ‘সিতারে জমিন পার’ সিনেমায়। ছবিতে, যা ২০০৭ সালের ‘তারে জমিন পার’ সিনেমার স্পিরিচুয়াল সিক্যুয়েল। সিনেমাটি মুক্তি পাচ্ছে  আগামী ২০ জুন।